রবিবার, ২৪শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে কোরবানির হাটে বিক্রির জন্য নেওয়া এক লাখ টাকা মূল্যের একটি গরু বজ্রপাতে মারা গেছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের চামারদিঘি অস্থায়ী পশুর হাটে এই ঘটনা ঘটে।
অনেক কষ্ট করে লালন-পালন করা গরুটি হাটে তোলার পর যখন ক্রেতারা ভালো দাম হাঁকাচ্ছিলেন, ঠিক তখনই আকস্মিক বজ্রপাতে মাদ্রাসাছাত্র রিয়াদের কোরবানির ঈদকে ঘিরে সব স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়।
জানা গেছে, পাইন্দং ইউনিয়নের আবু হানিফা বাড়ির মাদ্রাসাছাত্র মো. রিয়াদ কোরবানির ঈদকে সামনে রেখে গরুটি লালন-পালন করেছিলেন। দুপুরে তিনি গরুটি বিক্রির জন্য চামারদিঘি পশুর হাটে নিয়ে যান। সেখানে ক্রেতারা গরুটির দাম প্রায় এক লাখ টাকা পর্যন্ত বলেছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় থাকা গরুটি বজ্রপাতে মারা যায়।
গরুর মালিক রিয়াদ বলেন, অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করেছি। বিক্রির আশায় বাজারে এনেছিলাম। ক্রেতারাও ভালো দাম বলছিলেন। কিন্তু বজ্রপাতে সব শেষ হয়ে গেল।
ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন বলেন, প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ নেই। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।