shomoynew_wp969 Daily Mail | Print

24853

02/04/2026 ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৮৪৩, মৃত্যু ১

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৮৪৩, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৭

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১০৮ জনে। এ সময় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৮৮ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, বরিশাল বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ১০৮ জন। যাদের মধ্যে ৬২ দশমিক ৬০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ১২৫ জনের মধ্যে ৫৪ দশমিক ৪০ শতাংশ নারী এবং ৪৫ দশমিক ৬০ শতাংশ পুরুষ।

প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com