ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি ভোট হবে গণভোটের পক্ষে, যেখানে আমরা ‘হ্যাঁ’ জয়যুক্ত করব। এই ‘হ্যাঁ’ মানে হলো আজাদি, এই ‘হ্যাঁ’ মানে হলো ইনসাফ।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত এক গণভোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, এই ‘হ্যাঁ’ মানে শহীদ ওসমান হাদির হত্যার বিচার। ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ইনশাআল্লাহ, আমরা আমাদের প্রথম ভোটটি ‘হ্যাঁ’-তে দেব। দ্বিতীয় ভোটটি দিতে হবে ইনসাফের পক্ষে। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণের জন্য আমাদের সঠিক প্রতিনিধি নির্বাচন করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও উত্তরবঙ্গের অপরিসীম সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারিনি শুধু যোগ্য নেতৃত্বের অভাবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধি হিসেবে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনসাফের প্রতীক ও তারুণ্যের প্রতীককে বিজয়ী করার মাধ্যমে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে।
ডাকসু ভিডি বলেন, ইতোমধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মসহ সর্বস্তরের নাগরিকরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। যার প্রমাণ মিলেছে বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে। আগামী নির্বাচনেও ইনসাফ ও ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এবং শাপলা কলি প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে ড. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে।