shomoynew_wp969 Daily Mail | Print

8294

02/04/2026 রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো : ড. কামাল

রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২২ ১৭:০৮

গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। একইসঙ্গে মানুষকে মৌলিক অধিকার নিয়ে সচেতন করতে বলেও মন্তব্য করেছেন তিনি।

‘সংবিধানের ৫০ বছর ও নাগরিক ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে গণফোরাম।

ড. কামাল হোসেন বলেন, ‘রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে দেশের অসাধারণ ক্ষতি হবে। গণতন্ত্রের বিষয়ে ঘরে ঘরে আলোচনা হওয়া উচিত। সার রাস্তায় আসা উচিত। যাতে করে মানুষ সচেতন হয়। আমরা যদি মনে করি বসে থেকে অধিকার ভোগ করবো, সেটা ভুল হবে।’

মৌলিক অধিকারের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, ‘সরকার চায় না মানুষ মৌলিক অধিকারের বিষয়ে সচেতন হোক। এ ব্যাপারে তারা চেপে ধরে থাকে। এ জন্য বিষয়টি প্রচারমাধ্যমে আনতে হবে। স্কুল-কলেজে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতে হবে।’

গণফোরামের নেতাকর্মীসহ সরকারবিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সবসময় সক্রিয়ভাবে জনগণের পাশে থাকতে হবে। সবসময় কাজে লেগে থাকা দরকার। পত্রিকায় লেখালেখি হওয়া দরকার। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জানানো দরকার। আমরা যদি কাজে লেগে না থাকি, তাহলে অধিকার থেকে বঞ্চিত হবো।’

তিনি বলেন, জনগণ ক্ষমতার মালিক, এটা আমরা সংবিধানে দেখি। এটা শুধু কথার কথা না। সত্যিকার অর্থে যদি আমাদের মালিক হতে হয়, তখন আমরা যদি অধিকারের ব্যাপারে সচেতন না হই, সংঘবদ্ধভাবে কাজ না করতে থাকি, তাহলে সত্যিকার অর্থেই আমরা অধিকার থেকে বঞ্চিত হবো।

আগামী নির্বাচন নিয়ে ড. কামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের অধিকার ফিরে পাবে। কাজেই সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। টাকা-পয়সা ও প্রভাব ব্যবহার করে জনগণকে যদি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত করি, নির্বাচন পদ্ধতিকে যদি ধ্বংস করি, তাহলে দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সিনিয়র আইনজীবী শাহাদীন মালিক প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com