সোমবার, ৩০শে মার্চ ২০২৬, ১৬ই চৈত্র ১৪৩২
ফাইল ছবি
ইরান এবং লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরের কাছে ‘বাজান’ তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরান ও লেবাননের হামলার পর ওই শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এ প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা গেছে।
শোধনাগারটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমটি বলছে, হাইফার পার্শ্ববর্তী ক্রায়োট এবং শাফারাম এলাকাতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উচ্চ সতর্কতা জারি রয়েছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশ জর্ডান, ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)