বুধবার, ১৩ই মে ২০২৬, ৩০শে বৈশাখ ১৪৩৩


নারী-শিশু নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন মাওলানা ইউনুস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ মে ২০২৬, ২১:২০

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক নৃশংস ঘটনার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।

বুধবার (১৩ মে) এক বিবৃতিতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার আইন ও সংবিধান ব্যাখ্যায় দক্ষতার পরিচয় দিয়েছেন। এখন সময় এসেছে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখার। দেশে যেভাবে নৃশংসতা ও সহিংসতা বাড়ছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। অপরাধ দমনে আইনের কঠোর প্রয়োগই অপরাধীদের মনে ভীতি তৈরি করতে পারে।

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে ইউনুস আহমদ বলেন, এ সময়ে ১১৫ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে মারা গেছে ৩৪ শিশু এবং পারিবারিক নির্যাতনে প্রাণ হারিয়েছে ২৫ জন। এ ছাড়া ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১১ শিশুকে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে আরও দুই শিশু।

তিনি জানান, একই সময়ে শিশুদের বিরুদ্ধে ১৯৯টি সহিংসতার ঘটনা ঘটেছে।

নারী নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, চার মাসে ৫৬ নারী স্বামীর হাতে নিহত হয়েছেন। স্বামীর পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন আটজন এবং নিজ পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন আরও ২১ নারী।

এ ছাড়া এ সময়ে ১৮০ নারী ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৫৬টি ছিল সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। ধর্ষণের শিকারদের মধ্যে ছয় বছরের কম বয়সী অন্তত ১৬ শিশু রয়েছে। তাদের মধ্যে একজন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সময়ে ধর্ষণের কারণে অন্তত ৪৪ নারী নিহত হয়েছেন।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, এসব তথ্য শুধু উদ্বেগজনকই নয়, মানসিকভাবেও অস্থির করে তোলে। রাষ্ট্রে সরকার থাকা অবস্থায় এমন পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। তিনি এসব অপরাধ বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি চলচ্চিত্র ও অনলাইন কনটেন্টে নৃশংসতা প্রদর্শনের প্রবণতা বেড়েছে। এতে সমাজে সহিংসতা ও নিষ্ঠুরতা অনেকটা স্বাভাবিক বিষয় হিসেবে উপস্থাপিত হচ্ছে। এ কারণে সরকারকে এ ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়