বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬, ৩১শে বৈশাখ ১৪৩৩
ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, দেশের প্রয়োজনে যেমন ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, তেমনি আজও দেশের প্রয়োজনেই তারা রাজপথে নেমেছেন। রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে মুক্তিযোদ্ধারা আবারও দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম’র উদ্যোগে ঢাকা ডিএসসিসির নগর ভবনে আয়োজিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। আজও তারেক রহমানের ডাকে ঢাকা শহরকে ক্লিন সিটি ও গ্রিন সিটিতে রূপান্তর করতে তারা রাজপথে নেমেছেন। আমরা একদিন চলে যাব, কিন্তু মুক্তিযোদ্ধা প্রজন্মকেই দেশের দায়িত্ব নিতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে বলীয়ান হয়ে দেশ ও জাতির জন্য নিজেদের গড়ে তুলতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর। এই শহরকে যদি সবার কাছে গ্রহণযোগ্য করতে চাই, তাহলে আগে নিজেদের বদলাতে হবে। আমরা বদলালে ঢাকাও বদলাবে। আমরা চাই না পৃথিবীর সবচেয়ে খারাপ শহরের তালিকায় ঢাকা থাকুক। আমরা চাই পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ শহরের তালিকায় ঢাকা এক নম্বরে থাকুক।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতা অভিযান নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।