shomoynew_wp969 আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া, হাঁটাচলাও করছেন | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া, হাঁটাচলাও করছেন


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ০৫:২৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮

ছবি সংগৃহিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন। একা হাঁটাচলাও করতে পারছেন।

উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত ৮ জানুয়ারি লন্ডনের শীর্ষ-স্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ ভর্তি করা হয়। ওই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন রোববার (১২ জানুয়ারি) মধ্য-পশ্চিম লন্ডনের বিশেষায়িত এ হাসপাতালের সামনে স্থানীয় সাংবাদিকদের সাথে দলীয় নেত্রীর ‘চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত’ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানান। খবর বাসসের।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও চিকিৎসক হিসেবে লন্ডনে তাঁর সফরসঙ্গী ডা. মুহাম্মদ এনামুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। তিনিও জানান, বেগম খালেদা জিয়া রোবাবার ক্লিনিকের ভেতরে এক-একা হাঁটাচলা করেছেন। এদিন তিনি দেশের খোঁজ-খবরও নিয়েছেন।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসাকালীন সফরসঙ্গী হিসেবে লন্ডনে অবস্থানরত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় সরকারি বার্তা সংস্থা বাসসকে জানান, আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসতে পারেন। তারা সবসময়ই বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

ডা. জাহিদ জানান, ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়ার রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার চিকিৎসার ধরনে কিছু পরিবর্তন হয়েছে। কিছু মেডিকেল পরীক্ষার পরে, সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা চলছে। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে এখন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ইনটেনসিভিস্ট চিকিৎসকরা তাকে দেখেছেন।

জাহিদ বলেন, এভাবে আরও কয়েক দিন চিকিৎসা চলার পর; আমরা আশা করছি তার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় আসবে।

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, খালেদা জিয়ার নাতনি, তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন নাতনি হাসপাতালে সবসময় খালেদা জিয়ার দেখভাল করছেন। ছেলে তারেক রহমান প্রতিদিন বাসা থেকে নিজে হাতে করে মায়ের জন্য খাবার নিয়ে আসছেন হাসপাতালে। ফলে, ম্যাডাম এখন অনেকটা ভালো আছেন। মানসিকভাবে উৎফুল্ল আছেন।

আজ সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

এর আগে শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যে সফররত জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ‘লন্ডন ক্লিনিকে’ যান এবং তাঁর (বেগম জিয়া) সঙ্গে দেখা করেন। পরে, ক্লিনিক থেকে বেরিয়ে যাওয়ার সময় হাসপাতালের বাইরে অপেক্ষারত স্থানীয় সাংবাদিকরা তার কাছে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সবসময় স্ট্রং ছিলেন। এজন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন।’

আফরোজা আব্বাস বলেন, ‘ম্যাডাম এখন পরিবারের সবার সঙ্গে আছেন, এ কারণে আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা আশা করছি অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে আবার ফিরে আসবেন। দেশে এসে দেশ ও জনগণের হাল ধরবেন।’ এসময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার সঙ্গে ছিলেন।

মির্জ সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top