shomoynew_wp969 চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে: মির্জা আব্বাস | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে: মির্জা আব্বাস


প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ০৪:৫৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি তার ও দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। তিনি এই কর্মকাণ্ডকে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে অভিহিত করে বলেছেন, এসব অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, আমার নির্বাচনি এলাকায় কিছু ব্যক্তি নিজেদের আমার পরিচিত কিংবা অনুসারী পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। আমি স্পষ্ট করে বলছি, আমার কোনো আত্মীয়, বন্ধু কিংবা সহকর্মী এমন কর্মকাণ্ডে জড়িত নয়, হতে পারে না। যারা আমার নাম নিয়ে চাঁদাবাজি করছে, তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিন।

মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, যারা আমার নাম ব্যবহার করে অর্থ আদায় করছে, তাদের সঙ্গে কথা না বলে সরাসরি প্রতিরোধ করুন। প্রয়োজনে পুলিশে দিন। এই চাঁদাবাজদের কারণেই বিএনপির নাম বদনাম হচ্ছে। দলের মধ্যে খারাপ লোক রাখার দরকার নেই। আমি বলি, খারাপ সদস্যের চেয়ে ভালো শূন্যতা। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

এ সময় তিনি দলের সদস্য সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে কম সদস্য নেব, কিন্তু কোনো অপরাধী বা অপকর্মে জড়িত ব্যক্তি যেন বিএনপির নাম ব্যবহার করে সুবিধা না নিতে পারে, তা নিশ্চিত করতে হবে।

নির্বাচন ঘিরে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক ধরনের ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। একেকজন একেক দাবি তোলে সময় নষ্ট করছে। আনুপাতিক পদ্ধতির নামে একটি মহল জনগণকে বিভ্রান্ত করছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী।

তিনি বলেন, আমরা কোনো ধরনের সংঘর্ষ চাই না। যারা দেশকে ভালোবাসেন, তাদের একজোট হতে হবে। আন্দোলন হবে শান্তিপূর্ণ, সংহতিপূর্ণ। কোনো সভা-সমাবেশে উসকানিমূলক কথা বললে আন্দোলনের ক্ষতি হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top