মঙ্গলবার, ২৬শে মে ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, হামের প্রকোপের বিষয়টি ইউনিসেফ সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও ভ্যাকসিন নেয়নি আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার। তারা প্রাইভেটে কিনতে চেয়েছিল পয়সা খাওয়ার জন্য। আমরা দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়েছি।
সোমবার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই না হামে কোনো মায়ের বুক খালি হোক। দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। এখন পর্যন্ত ২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ধাপে যে ১৮টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি-না, তা দেখতেই কুমিল্লার দুই হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী হাসপাতালের বিভিন্ন সংকট ও সমস্যার কথা শোনার পাশাপাশি খাবারের মান যাচাই করেন। এ ছাড়া, রোগীদের বিভিন্ন অভিযোগের কথা শোনেন।
এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশিরসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।