মঙ্গলবার, ২৬শে মে ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
দেশের ৬টি অঞ্চল থেকে হলদে পাখি কার্যক্রমে ৫৭ জন শিক্ষার্থীকে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দিয়েছে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন।
বুধবার (২০ মে) রাজধানীর গাইড অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সংগঠনটির তথ্য অনুযায়ী, সারা দেশের ১০টি অঞ্চলের প্রতিযোগিতার মাধ্যমে ৬টি অঞ্চল থেকে ৫৭ জন হলদে পাখি এই স্বীকৃতি অর্জন করে। হলদে পাখি গাইডিংয়ের প্রথম স্তর, যেখানে ৬ থেকে ১০ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি শিশুদের হাতে মেডেল, ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এসময় নীল কমল অর্জনকারী শিশুরাও নিজেদের অনুভূতি প্রকাশ করে। নরসিংদী থেকে আসা ৫১ নং শিলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার বলে, ‘নীল কমল অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও আরও ভালো কাজ করতে চাই।’
যশোর মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তোহফায়ে জান্নাত তিফলা বলে, ‘এই সম্মাননা আমাকে অনেক আনন্দ দিয়েছে। গাইডিংয়ের কাজ আরও মন দিয়ে করব।’
স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল-এর শিক্ষার্থী সামিহা আফসিন জারা বলে, ‘পুরস্কার পেয়ে আমি খুব খুশি। সামনে আরও ভালো কিছু করার উৎসাহ পেলাম।’
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি গার্ল গাইডসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ এবং ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস।