মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬, ১৭ই চৈত্র ১৪৩২
ফাইল ছবি
ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) সকাল ৬টায় ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে নামবে তারা। শেষবার তাদের দেখা হয়েছিল ২০২২ সালের বিশ্বকাপে। ১২০৮ দিন পর আবার তারা সামনাসামনি। এই সময়ে কতটা বদলে গেছে দুই দল!
কাতারের এডুকেশন স্টেডিয়ামে সেদিন ১-১ গোলে ড্র করেছিল ক্রোয়েশিয়া ও ব্রাজিল। ওই ম্যাচের গোলদাতাদের কেউ নেই এই লড়াইয়ে। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে নেইমার। হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠলেও ফিটনেস ফিরে পাওয়ার পরীক্ষা দিচ্ছেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে ক্রোয়েশিয়াকে বিদায় জানিয়েছেন ব্রুনো পেতকোভিচ। তুর্কি সুপার লিগের ক্লাব কোকায়েলিস্পোরে খেলছেন তিনি।
ব্রাজিল দল একেবারে ভিন্ন রূপে ফিরতি ম্যাচ খেলতে মাঠে নামছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেলেসাওদের ডাগআউটেও এসেছে পরিবর্তন। এখন তারা খেলছে কার্লো আনচেলত্তির কোচিংয়ে, ওই সময়ের পর যিনি চতুর্থ কোচ। দোহায় শুরুর একাদশে থাকা মারকুইনহোস, দানিলো, কাসেমিরো ও ভিনিসিয়ুস জুনিয়রই কেবল বর্তমান স্কোয়াডে সক্রিয় আছেন।
ওই আসরে বেঞ্চে থাকা ব্রেমার, এদারসন, ফাবিনহো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি টিকে আছেন। এই সংখ্যা আরও বেশি হতে পারতো যদি ইনজুরির ধাক্কা না লাগতো। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে শক্ত অবস্থানে থাকা আলিসন, অ্যালেক্স সান্দ্রো, এদার মিলিতাও, রাফিনহা ও ব্রুনো গুইমারায়েস চোট নিয়ে এই ম্যাচের দলে নেই।
ক্রোয়েশিয়া দলে বড় কোনো পরিবর্তন নেই। কোচ জ্লাতকো দালিচ এখনো দায়িত্বে আছেন এবং কাতারে খেলা মূল দলের প্রায় সবাই আছেন। জিভারদিওল ও কোভাচিচের মতো উল্লেখযোগ্য খেলোয়াড় অনুপস্থিত থাকলেও ওই টুর্নামেন্টে খেলা ১৩ জন এখনো আছেন।
পেনাল্টি শুটআউটে ব্রাজিলের স্বপ্ন ভেঙে দেওয়া গোলকিপার লিভাকোভিচ আবারো দাঁড়াবেন গোলপোস্টের নিচে। বয়স ৪০ হলেও দারুণ পারফরম্যান্স তিনি ধরে রেখেছেন মিলানের জার্সিতে। আরেকবার ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাবেন ভ্লাসিচ, পেরিসিচ, পাসালিচ, সুচিচ, স্তানিসিচ, সুতালো, মাহের, ক্রামারিচ, বুদিমির, জাকিচ ও আর্লিচের মতো পরিচিত মুখ।
কাতারের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ক্রোয়েশিয়ার ইউরো ২০২৪ অভিযান ছিল হতাশাজনক। গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল তারা। তবে কোয়ালিফায়ারে নিজেদের ফিরে পায় ক্রোটরা। গ্রুপের আট ম্যাচে অপরাজিত থেকে শীর্ষে ছিল। নেশন্স লিগে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পেনাল্টি শুটআউটে হেরে তাদের থামতে হয়।
বর্তমানে ফিফা বিশ্ব র্যাংকিংয়ের ১১তম দল ক্রোয়েশিয়া আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। মদরিচ ও স্তানিসিচের মতো অভিজ্ঞদের নিয়েই তারা ব্রাজিলের মুখোমুখি হবে। অন্যদিকে পঞ্চম র্যাংকিংধারী দল ব্রাজিল তাদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দেওয়ার প্রতিশোধ নিতে তারুণ্যশক্তির পরীক্ষা করবে। ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার ম্যাচে শুরুর একাদশে থাকা রাফিনহা ও ওয়েসলি নেই। শুরু থেকে দেখা যেতে পারে লুইজ হেনরিক ও দানিলোকে। মারকুইনহোস যথেষ্ট ফিট না থাকায় তার ব্যাক আপ হিসেবে মাঠে নামতে পারেন ভিতর রেইস।
শেষ দেখায় সুখকর অভিজ্ঞতা না হলেও মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল এগিয়ে। ছয়বার ক্রোটদের সঙ্গে লড়াইয়ে তিনবার জিতেছে তারা, একটি হার। বাকি দুটি ম্যাচ ড্র।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)