বুধবার, ১৩ই মে ২০২৬, ৩০শে বৈশাখ ১৪৩৩


‘পাকিস্তান মানসিক জড়তায় আক্রান্ত’

খেলা ডেস্ক

প্রকাশিত:১৩ মে ২০২৬, ১১:৩১

ফাইল ছবি

ফাইল ছবি

ভারত যেখানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে বারবার হোঁচট খেয়েছে, সেখানে বাংলাদেশ লিখছে নতুন ইতিহাস। ২০২৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি টেস্ট জয় করে লাল-সবুজের প্রতিনিধিরা প্রমাণ করেছে দিন বদলাচ্ছে। মিরপুরের উইকেটে শান্ত-মুমিনুলদের জয়ের উচ্ছ্বাসের পাশাপাশি পাকিস্তান শিবিরে চলছে তীব্র সমালোচনার ঝড়।

মিরপুরে প্রথম টেস্টের শেষ দিনে বাংলাদেশ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছিল। সফরকারীরা সময়ও পেয়েছিল প্রচুর প্রায় ৭৫ ওভার। কিন্তু বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ের সামনে পাকিস্তান ১৬৩ রানেই অলআউট হয়ে যায়। ফলে ১০৪ রানের বড় জয় পায় টাইগাররা।

শেষ ৫ উইকেট মাত্র ১১ রানে হারিয়ে পাকিস্তানের আত্মসমর্পণ দেখে সাবেক পাকিস্তান অধিনায়ক ও বিশ্লেষক রমিজ রাজা আর চুপ থাকতে পারেননি। নিজের ইউটিউব চ্যানেলে তিনি পাকিস্তান দলকে কড়া ভাষায় সমালোচনা করেন।

রমিজ বলেন, ‘ক্রিকেটে জয়-পরাজয় খেলারই অংশ, কিন্তু হারের ধরনটা অনেক বড় বিষয়। একটি দলের লড়াই করে হারা উচিত, জেদ দেখানো এবং শেষ পর্যন্ত লড়াই করা উচিত। বর্তমানে পাকিস্তান একটি মানসিক জড়তার মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে; গত তিন বছরে পাঁচবার রান তাড়ায় তারা চারটিতেই হেরেছে। শান মাসুদের নেতৃত্বে দলের বারবার ব্যর্থতা এই আত্মবিশ্বাস ও বিশ্বাসের অভাবকে আরও বাড়িয়ে তুলেছে।’

২০২৩ সাল থেকে মাসুদ অধিনায়কত্ব করছেন। ১৫ টেস্টে নেতৃত্ব দিয়ে ১১টিতেই হেরেছে পাকিস্তান। রমিজের মতে, এই রেকর্ড দেখলে স্পষ্ট বোঝা যায় দলের নেতৃত্ব ও পরিকল্পনায় বড় ধরনের সমস্যা রয়েছে।

পাকিস্তানের বিদেশে শেষ টেস্ট জয় ২০২৩ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর টানা ছয় টেস্টে হার। এর মধ্যে তিনটিতে রান তাড়া করতে গিয়ে এবং তিনটিতে রান ডিফেন্ড করতে গিয়ে হারতে হয়েছে।

এই জয়ের ফলে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ (সফলতার হার ৪৪.৪৪%)। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে (সফলতার হার ৩৩.৩৩%)।

দ্বিতীয় টেস্ট আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়