বৃহস্পতিবার, ১১ই জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
২০০৫ সালে জুনের পর ছাব্বিশের জুন, কাকতালীয়ভাবে একই মাসে অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে দ্বিতীয়বার হারাল বাংলাদেশ। মাঝখানে কেটে গেল দীর্ঘ ২১ বছর ৯ দিন। গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে জিতেছে বাংলাদেশ। দুই জয়ের মাঝে ব্যবধান থাকলেও, একই দৃশ্য আবার দেখতে বেশি অপেক্ষা করতে হবে না বলে আশা হাবিবুল বাশার সুমনের।
বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিবুল বাশার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের সময় তিনি অধিনায়ক ছিলেন। এবার ভিন্ন ভূমিকায় আরেকটি জয় দেখলেন বাশার। গতকাল মিরপুরে সরাসরি সাক্ষী হলেন অজিদের আরেক পরাজয়ের। বেশ আবেগাপ্লুত দেখা গিয়েছিল তাকে।
যা নিয়ে আজ (বুধবার) নিজের অনূভুতি জানালেন হাবিবুল বাশার, ‘সিলেক্টর থাকি আর অধিনায়ক, বাংলাদেশ জিতলে খুশি লাগে। নিজের ভেতর যে অনুভূতিটা সেটা একই রকম থাকে। সিলেক্টর থাকলে নিজের কাছে জয়ের পর একটু রিলিফ লাগে। কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর অধিনায়কত্বের সময় তো মাঠেই জিতেছিলাম। দুইটা দুই রকমের ফিলিংস। মেইন কথা বাংলাদেশ যখন এরকম ম্যাচ জেতে ভালো লাগে।’
২১ বছর লাগল দ্বিতীয় ওয়ানডে জিততে। বাশারের আশা পরে ম্যাচ জিততে সময় লাগবে না, ‘টি-টোয়েন্টিতে জিতেছি কিন্তু ওয়ানডেতে জিততে পারেনি। সেটা গতকাল জানলাম যে কার্ডিফের পরে জিতলাম এবার। সব দলের বিপক্ষে তো আমরা জিতেছি। আমার মনে হচ্ছে পরের ম্যাচ জয়ের জন্য আর এতদিন অপেক্ষা করা লাগবে না।’
সিরিজ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী বাশার, ‘অস্ট্রেলিয়া খুবই ভালো দল। তারা পরের ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করার ক্ষমতা রাখে। সিরিজ জিতব কি না এখনই বলতে পারতেছি না তবে আমরা অবশ্যই কনফিডেন্ট।’
অস্ট্রেলিয়ান ব্যাটারদের বিপরীতে নাহিদ রানার আগ্রাসন নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এটা একদম নতুন সেটা বলব না। ২০০৫ সালেও কিন্তু আমরা কথার লড়াই করেছিলাম। আমরা কখনও এমন না যে মাথা নিচু করে আসি। এটা নতুন কিছু না দেশের ক্রিকেটের জন্য। তবে নাহিদ রানার বডি ল্যাঙ্গুয়েজটা ভালো। পরিবর্তন হচ্ছে আরকি সবকিছু, ভালো লাগতেছে।’