বৃহস্পতিবার, ২১শে মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


বাজারে এলো স্মার্ট রিং

আপনার স্ট্রেস পরিমাপ করবে হাতের আংটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:২০ মে ২০২৬, ১১:৫১

ফাইল ছবি

ফাইল ছবি

অনেকেই এখন সারাক্ষণ হাতে স্মার্টওয়াচ পরে থাকতে পছন্দ করেন না। তাদের জন্য বাজারে এসেছে চমৎকার এক গ্যাজেট, যা দেখতে সাধারণ আংটির মতো হলেও কাজ করবে স্বাস্থ্য সচেতন স্মার্ট ডিভাইসের মতো। প্রযুক্তি দুনিয়ায় এটি মূলত ‘স্মার্ট রিং’ নামে পরিচিত। কোনো রকমের ঝামেলা ছাড়াই এটি সারাদিন, এমনকি ঘুমানোর সময়ও আঙুলে পরে থাকা যায়।

স্মার্ট রিং হলো আঙুলে পরার উপযোগী ছোট ও হালকা একটি ডিভাইস, যার ভেতরে থাকে উন্নত সেন্সর, প্রসেসর, ব্যাটারি এবং ওয়্যারলেস ফিচার। এটি মানুষের শরীরের বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং পরে স্মার্টফোনের অ্যাপের সাহায্যে সেই ডেটা বিশ্লেষণ করে ব্যবহারকারীকে তার স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দেয়। আঙুলে রক্তপ্রবাহ বেশি থাকায় এই আংটির সেন্সরগুলো বেশ নিখুঁতভাবে কাজ করতে পারে।

সাধারণত এই স্মার্ট রিংগুলোতে হার্ট রেট সেন্সর, তাপমাত্রা মাপার সেন্সর, অ্যাক্সিলেরোমিটার এবং রক্তে অক্সিজেন পরিমাপের সেন্সর থাকে। এগুলো শরীরের স্ট্রেস বা মানসিক চাপের মাত্রা, হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা, ঘুমের মান এবং দৈনিক শারীরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করে। পরে গ্রাফ ও রিপোর্টের মাধ্যমে ব্যবহারকারীর ক্যালোরি খরচ, স্টেপ কাউন্ট কিংবা রিকভারি স্কোর ফুটিয়ে তোলে।

কিছু উন্নত প্রযুক্তির স্মার্ট রিংয়ে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি সুবিধাও থাকে। এর মাধ্যমে ব্যবহারকারীরা টাচ-লেস পেমেন্ট, দরজা আনলক করা কিংবা পরিচয় যাচাইয়ের মতো জরুরি কাজগুলো সেরে নিতে পারেন। বর্তমানে বাজারে আউরা রিং, স্যামসাং গ্যালাক্সি রিং এবং আল্ট্রাহিউম্যান রিং এয়ারের মতো বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্ট রিং পাওয়া যাচ্ছে।

স্মার্ট রিং আকারে ছোট এবং আরামদায়ক হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেয়। ফলে যারা স্মার্টওয়াচের বিকল্প হিসেবে আরও সাদামাটা ও সুবিধাজনক স্বাস্থ্য-পর্যবেক্ষণ ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এই স্মার্ট রিং একটি দুর্দান্ত পছন্দ হতে পারে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়