বুধবার, ৩রা জুন ২০২৬, ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩


ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে ৯৯৯-এ ফোন দেন প্রতিবেশীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩ জুন ২০২৬, ১৬:১৪

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

রাজধানীর উত্তর মুগদা এলাকার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঢাকার মুগদা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, বাসা থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে মুগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভর মরদেহ পায়।

এ বিষয়ে ডিএমপির সবুজবাগ জোনের এডিসি জাহিদ হোসেন বলেন, গত রাতেই আমরা নিহতের পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার আগে সেই ভাড়া বাসায় পুলিশ গিয়ে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এরপর সেটি মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ফ্ল্যাটটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। ফল আশেপাশের বাসিন্দারা সেই গন্ধ পান। তারা সেই সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এবং বিষয়টি অবহিত করে পুলিশের সাহায্য চান। এরপর পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে শুভ’র মরদেহ উদ্ধার করে। এ সময় আশেপাশের ফ্ল্যাটের মালিক ও স্থানীয় লোকজনরাও উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঢাকায় ভাড়াটে হিসেবে সেই ফ্ল্যাটে বসবাস করতেন ব্যাংকার শুভ। পুলিশ গিয়ে দেখতে পায় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ।

এরপর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকেন। এ সময় দেখতে পান, ঘরের ছাদের সঙ্গে লাগানো লোহার আংটায় রশি প্যাঁচানো। তাতে গলায় ফাঁস দিয়ে ঝুলছে ব্যাংকার শুভ। পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় থাকা শুভ’র লাশ উদ্ধার করে নিচে নামায় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

মৃত্যুর প্রকৃত কারণ ও আনুমানিক সময় নির্ধারণের লক্ষ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়