বুধবার, ২০শে মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙা থাকায় এশিয়ান হাইওয়েতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই যানজট বিকেল ৫টার দিকে কিছুটা কমতে শুরু করেছে।
বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে কাঁচপুর পর্যন্ত যানজট রয়েছে। এ ছাড়া, ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে রূপসী বাসস্ট্যান্ড পর্যন্ত ধীরগতিতে যান চলাচল করছে। দিনের শুরুতে যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। একইসঙ্গে ডেমরা-স্টাফ কোয়ার্টার সড়কেও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় আটকে আছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
চালকরা জানান, ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় অধিকাংশ যানবাহন বিকল্প হিসেবে এশিয়ান হাইওয়ে ব্যবহার করছে। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে না পারায় মদনপুর, কাঁচপুর ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই সড়কটির বেহাল অবস্থার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ভুলতা-গাউছিয়া রাস্তা ভাঙা থাকার কারণে এশিয়ান হাইওয়েতে গাড়ির চাপ বেড়েছে। এতে সকাল ১০টা থেকে মদনপুর, কাঁচপুর এলাকায় যানজট সৃষ্টি হয়। বিকেল ৫টার দিকে যানজট কিছুটা কমতে শুরু করেছে।
তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে কাঁচপুর পর্যন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে রূপসী বাসস্ট্যান্ড পর্যন্ত যানজট রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন।