মঙ্গলবার, ২৩শে জুন ২০২৬, ৯ই আষাঢ় ১৪৩৩


নিষিদ্ধ সংগঠনের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা : সেতুমন্ত্রী

মুন্সিগঞ্জ থেকে

প্রকাশিত:২৩ জুন ২০২৬, ১৭:০৪

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বা তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, নৌপরিবহন এবং রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চর-গলগলিয়া পলাশপুর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত পদ্মা রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে রেলপথ মন্ত্রণালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে; দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, জনআকাঙ্ক্ষা ও জনগণের প্রতিপক্ষ হয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি রাজনৈতিক দল আজ পরিত্যক্ত। জনগণ সেই দলকে বর্জন করায় সর্বশেষ নিষিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। দলটি এক সময় একটি রাজনৈতিক দল ছিল। এখন সেটি নিষিদ্ধ মানে নিষিদ্ধই।

মন্ত্রী বলেন, দেশের জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয় ফলে আইন আর জনগণ একত্রিত।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ বা জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটি নিষিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, এই দলটির নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণঅভ্যুত্থান করেছে দেশে; ফলে নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।

রবিউল আলম বলেন, এখন সবার প্রশ্ন একটা রাজনৈতিক দল নিষিদ্ধ, বিষয়টি জাতি কীভাবে দেখে। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটি নিষিদ্ধ হয়েছিল। দেশের জনগণ তাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

রেলপথ মন্ত্রণালয়ের অধীনে থাকা সরকারি জমি নিয়ে তিনি বলেন, সরকারের যত জায়গা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সেই জায়গাগুলো চিহ্নিত করা হচ্ছে। এরমধ্যে কিছু জায়গা যেগুলো এক একরের বেশি সেগুলো এক রকমভাবে চিহ্নিত করা হচ্ছে। এক একরের নিচে যেগুলো, সেগুলোকে আরেক রকমভাবে চিহ্নিত করা হচ্ছে।

তবে তিন একরের ওপরে যেগুলো আছে, সেগুলোকে চিহ্নিত করে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তিন একরের অধিক জায়গা চিহ্নিত করে সেখানে সোলার প্যানেল স্থাপন করা হবে। সেখান থেকে স্থানীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়