শনিবার, ২৭শে জুন ২০২৬, ১৩ই আষাঢ় ১৪৩৩
ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা কালিকাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাভার্ডভ্যানের হেলপার ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সিয়াম (৩০) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে খলিলুর রহমান (৬০)।
শনিবার (২৭ জুন) মিয়া বাজার হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে একটি মালবাহী ট্রাক চট্টগ্রাম খাতুনগঞ্জে যাচ্ছিল। রাতে সাড়ে ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা কালিকাপুর এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সিয়াম মারা যান। এ ঘটনায় আহত অবস্থায় চারজনকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কুমিল্লা নেওয়ার পথেই মৃত্যু হয় খলিলুর রহমানের। বাকি তিনজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি রুহুল আমিন বলেন, নিহতদের মরদেহ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।