মঙ্গলবার, ২রা জুন ২০২৬, ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: মামুন রশীদ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে আজ আবারো আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই গ্রাহক, শেয়ারহোল্ডার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হতে শুরু করেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে বক্তব্য দেন।
একই দাবিতে গতকাল সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মসূচি চলাকালে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়। যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে।
সোমবার দিনের বেলায় আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের পূর্বনির্ধারিত পর্ষদ সভা সশরীরে অনুষ্ঠিত হতে পারেনি। পরে রাতে ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পর্ষদের পাঁচজন সদস্য অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ভার্চুয়াল সভায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে আলতাফ হোসাইন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। সেই ধারাবাহিকতায় টানা দ্বিতীয় দিনের মতো আজও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।