বৃহস্পতিবার, ১১ই জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩


সোনার দাম ভরিতে আরো ৪৪৩২ টাকা কমলো

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:১১ জুন ২০২৬, ১৪:১৬

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন দেশের বাজারে সোনার দাম আবারো কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দুই লাখ ১৮ হাজার টাকায় নেমে এসেছে। বুধবার যা ছিল দুই লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ১৮ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আসন্ন বাজেটে সোনার দামে নির্ধারিত ভ্যাট কমানো হতে পারে। দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ পদ্ধতি পরিবর্তন করে নির্ধারিত অঙ্কের ভ্যাট আরোপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হতে পারে। বর্তমান বাজার মূল্য হিসাব করলে এখন প্রতি ভরি স্বর্ণালংকারে ১০ হাজার টাকার উপরে ভ্যাট দিতে হয়। একইসঙ্গে কমানো হচ্ছে উৎসে করও।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়