রবিবার, ২১শে জুন ২০২৬, ৭ই আষাঢ় ১৪৩৩
ফাইল ছবি
দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস পালন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্যকে ধারণ করে রোববার (২১ জুন) বিশ্ব সংগীত দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে রোববার ও সোমবার (২১-২২ জুন) দুই দিনব্যাপী বিশেষ ‘সংগীত উৎসব’-এর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসব হয়ে উঠবে সুর, সৌন্দর্য ও সাংস্কৃতিক সম্মিলনের এক অনন্য আয়োজন।
রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে বিশেষ ‘সংগীত সন্ধ্যা’। উদ্বোধনী দিনে দেশের গান পরিবেশন করবেন ১০ জন বরেণ্য কণ্ঠশিল্পী। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মন্ডল ও আলিফ আলাউদ্দিনসহ দেশের স্বনামধন্য শিল্পীরা।
এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে উৎসবের প্রথম দিনে চীন ও জাপান দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।