বুধবার, ২৪শে জুন ২০২৬, ১০ই আষাঢ় ১৪৩৩
ফাইল ছবি
শুক্রবার মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তারকাবহুল এ ছবির প্রচারেই আপাতত ব্যস্ত অভিনেতা। ছবির একটি গানপ্রকাশের অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি, সঙ্গে সহশিল্পীরা। সেখানেই অক্ষয় বললেন, ‘হলিউডের চেয়ে ভোজপুরি ভালো।’
নতুন এ ছবিতে একটি ভোজপুরি গান ব্যবহার করা হয়েছে। সেটার সূত্র ধরেই সাংবাদিক জানতে চান, এবার কি তবে অক্ষয় ভোজপুরি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবেন? জবাবে ‘খিলাড়ি’ তারকা বলেন, ‘হলিউডের চেয়েও ভোজপুরি ভালো। কারণ ওরা এই গান শুনতে পারবে না। কিছুই বুঝবে না। এ ধরনের গান তারা কখনও দেখেনি।’
নিজের বক্তব্য আরো স্পষ্ট করে অক্ষয় বলেন, ‘আমাদের দেশে এত বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে, এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমাদের গানও নানা সংস্কৃতির ছোঁয়ায় তৈরি হয়। আমাদের সংস্কৃতি এবং দেশের এই বৈচিত্র্য নিয়ে গর্ব করা উচিত।’
এরপর আলোচনায় আসে ছবিটির সাফল্যের কথা। মজার ছলে অক্ষয় জবাব দেন, “থ্রি ইডিয়টস’ মাত্র তিনজন প্রধান অভিনেতা দিয়ে ব্লকবাস্টার হয়েছিল; আর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ ৩০ জনেরও বেশি অভিনয়শিল্পী আছেন, তাই সম্ভাবনা অনেক।”
আহমেদ খান নির্মিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ অক্ষয়ের সঙ্গে আরো আছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জনি লিভার, ফরিদা জালাল, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, রাজপাল যাদবসহ আরো অনেকে। এটি তুমুল জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।