শনিবার, ২০শে জুন ২০২৬, ৬ই আষাঢ় ১৪৩৩
ফাইল ছবি
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের দক্ষিণ-পূর্ব উপকূলের জনপ্রিয় পর্যটন শহর বায়াহিবের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ইতালীয় নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। অগ্নিকাণ্ডের পরপরই প্রায় এক হাজার ৭০০ অতিথিকে সেখান থেকে সরিয়ে নিয়েছে প্রশাসন।
স্থারীয় সময় শুক্রবার (১৯ জুন) ভোরবেলায় ‘ভিভা উইন্ডহাম ডমিনিকাস বিচ’ নামে সমুদ্রতীরবর্তী হোটেলটিতে আগুন লাগে।
দেশটির জরুরি পরিষেবা ডিএইএইচ জানিয়েছে, নিহত নারী পর্যটকের নাম ফ্রান্সেসকা ভ্যালেন্তিনো (৪৬)। এছাড়াও অন্তত তিনজনকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং আরও ছয়জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে রিসোর্টের অতিথি, দর্শনার্থী এবং ঘটনাস্থলে উপস্থিত জরুরি সেবাকর্মীরাও রয়েছেন।
আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন, তবে কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, প্রবল বাতাস এবং হোটেলটির ঐতিহ্যবাহী তালপাতার ছাউনি দেওয়া ছাদগুলোর অত্যন্ত দাহ্য প্রকৃতির কারণে আগুন দ্রুত এক ভবন থেকে অন্য ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এই ভয়াবহ আগুন মোকাবিলায় লা রোমানা থেকে পাঠানো অতিরিক্ত দলসহ ১৫টিরও বেশি আঞ্চলিক দমকল ইউনিট মোতায়েন করা হয়েছিল, যারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন।
দেশটির ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (সিওই) জানিয়েছে, ঘটনার পরপরই হোটেলটি থেকে প্রায় ১ হাজার ৬৯০ জন পর্যটককে জরুরি ভিত্তিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং তাদের আশেপাশের অন্যান্য হোটেলে স্থানান্তরিত করা হয়।
এদিকে রিসোর্ট চেইনের অপর অংশ ‘ভিভা উইন্ডহাম ডমিনিকাস প্যালেস’ অক্ষত রয়েছে এবং বায়াহিব অঞ্চলের অন্যান্য পর্যটন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, বায়াহিবে ডোমিনিকান রিপাবলিকের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত একটি মনোরম উপকূলীয় শহর, যা একসময় একটি শান্ত মাছ ধরার গ্রাম ছিল। এটি তার অসাধারণ সাদা বালুর সৈকত, পরিবেশ-বান্ধব প্রকৃতি পর্যটন এবং পার্শ্ববর্তী দ্বীপগুলোতে রোমাঞ্চকর ভ্রমণের প্রবেশদ্বার হিসেবে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।