বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২


জুলাই হত্যাকাণ্ড

মেনন-কামরুলের অভিযোগ গঠন নিয়ে শুনানি ২ মার্চ

আদালত প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এ মামলায় অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য সময় চান। পরে ২ মার্চ দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মেনন ও কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৩ ফেব্রুয়ারি ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে এই দুজনকে আজ হাজিরের নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট মেননকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন কামরুল। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তারা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়