বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬, ৩১শে বৈশাখ ১৪৩৩
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিন বিদ্যালয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার এসব বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এর মধ্যে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার দিকে, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ১০টার দিকে এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে গিয়ে কোনো শিক্ষককে পাননি।
এ সময় তিনি মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে এমপি কামরুল বলেন, হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি। এজন্য শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।