শনিবার, ১৬ই মে ২০২৬, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩


মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে বাবাকে হত্যা, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ মে ২০২৬, ১৪:১৫

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক কারবার নিয়ে বাকবিতণ্ডার জেরে বাবা আবু আহম্মদ ডিলারকে (৭০) হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার মো. ইব্রাহিম প্রকাশ মিলন (৪০) উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ছেলে ইব্রাহিম তার বাবার শরীরের বিভিন্ন স্থানে, এমনকি কিল-ঘুসি ও গোপনাঙ্গে লাথির আঘাতে ঘটনাস্থলেই আবু আহম্মদ ডিলারের মৃত্যু হয়।

খবর পেয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

এদিকে শনিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গতকাল রাতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। সকালে নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়