বৃহস্পতিবার, ৪ঠা জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সবকিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে; তা আন্তরিকতা এবং দক্ষতা দিয়ে নিরসন করা সম্ভব। তিনি বলেন, এটি একটি নির্বাচিত সরকার। প্রতি পদে পদে আমাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আপনারাও এর বাইরে নন।
দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইনে অনুষ্ঠিত এক জুম মিটিং এ বৃহস্পতিবার (৪ জুন) এসব বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সময় পাল্টে গেছে। গণ অভ্যুত্থানের পর মানুষ সবকিছুর পরিবর্তন চাইছে। আমরাও সেটিকে প্রাধান্য দিয়ে কাজ করছি। সুতরাং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করে সময়ের সাথে আপনাদেরকে চলতে হবে।
প্রতিমন্ত্রী রুফটপ সোলার সিস্টেমের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, সোলার সিস্টেমের মাধ্যমে দেশের ৫০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। সব জেলা প্রশাসকের কার্যালয় এবং হাসপাতালের রুফটপে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করতে হবে। প্রথম পর্যায়ে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের রুফটপে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের পদক্ষেপ গ্ৰহণের জন্য সকল জেলা প্রশাসককে নির্দেশ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পর্যালোচনা শীর্ষক এই জুম মিটিং শেষে অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।