রবিবার, ২১শে জুন ২০২৬, ৭ই আষাঢ় ১৪৩৩


ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ নয় : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২১ জুন ২০২৬, ১৮:৩০

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ঢাকার বাইরে দেশের অন্যান্য বিভাগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোনো স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুযোগ নেই, কারণ এটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি। তবে প্রধান বিচারপতি চাইলে এবং প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ঢাকার বাইরে দেশের যেকোনো স্থানে হাইকোর্ট বিভাগের সাময়িক অধিবেশন অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে লিখিত প্রশ্নোত্তর টেবিলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এই তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করেন।

সংসদ সদস্য সেলিনা সুলতানা তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, দেশের বিভাগওয়ারী হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকলে তা কবে বাস্তবায়িত হবে এবং না থাকলে তার কারণ কী।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ১০০ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের সর্বোচ্চ আদালতের আসন সম্পর্কে সংবিধানে সুনির্দিষ্ট ও স্পষ্ট বিধান রয়েছে। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে কেবল রাজধানীতেই। তবে দেশের মানুষের বিচারিক প্রয়োজনে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে প্রধান বিচারপতি ঢাকার বাইরে যেকোনো জায়গায় হাইকোর্টের অধিবেশন বসানোর সিদ্ধান্ত নিতে পারেন।

মন্ত্রী আরও উল্লেখ করে বলেন, ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার আইনি বিতর্কটি ঐতিহাসিক ‘আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ’ মামলায় আপিল বিভাগ কর্তৃক ইতোমধ্যেই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে। ওই রায়ে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঢাকার বাইরে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সাংবিধানিক নিয়মের পরিন্থি।

আইনমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে এটি পরিষ্কার হয়ে গেল, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবি পূরণের কোনো সাংবিধানিক সুযোগ না থাকলেও, জনগণের সুবিধার কথা বিবেচনা করে প্রধান বিচারপতি যেকোনো সময় দেশের যেকোনো প্রান্তে হাইকোর্টের বিশেষ বা অস্থায়ী অধিবেশন ডাকার পূর্ণ এখতিয়ার রাখেন।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়