সোমবার, ২৯শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩


গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ জুন ২০২৬, ১৯:০২

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

গাবতলী বাস টার্মিনালে যেসব অবৈধ স্থাপনা আছে এবং যেসব বাস অবৈধভাবে ২৪ ঘণ্টা অবস্থান ও মেরামত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (২৯ জুন) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে প্রশাসক এই ঘোষণা দেন তিনি।

প্রশাসক বলেন, আইনগতভাবে বাস টার্মিনালে কোনো বাস ২৪ ঘণ্টা অবস্থান ও মেরামত করার নিয়ম নেই, গাবতলী বাস টার্মিনালে তাই হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এছাড়া বাস টার্মিনালে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জন্য বসার সুব্যবস্থা সহ যাত্রী ছাউনি ও ছাদের সংস্কার করে অভ্যন্তরীণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। গাবতলী বাস টার্মিনাল একটি ঐতিহ্যবাহী টার্মিনাল। এই টার্মিনাল দিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে অনেক যাত্রী চলাচল করেন। গাবতলী বাস টার্মিনালে ভেতর বাহিরে এবং যাত্রী ছাউনির বিষয় কোনো অব্যবস্থাপনা আছে কিনা, তা সরেজমিনে তদন্ত করে দেখার জন্যই এই পরিদর্শন কর্মসূচি।

প্রশাসক অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর এই পুরাতন বাসের টার্মিনালের কোনো সংস্কার কার্যক্রম করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাবতলী বাসস্ট্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মিটিং করা হয়েছে এবং এই বাস টার্মিনালকে পরিবেশ বান্ধব, যাত্রীদের বসার সুব্যবস্থা, বিশ্রামাগারসহ আধুনিক করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করা হবে।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ পরিবহন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়