সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩


বক্স অফিসে কত আয় করল ‘মাইকেল’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৬

ফাইল ছবি

ফাইল ছবি

কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহে সর্বকালের সেরা বায়োপিক হিসেবে আয়ের নতুন ইতিহাস গড়েছে সিনেমাটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার মুক্তির পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী চলচ্চিত্রটি আয় করেছে ২১৭ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার বেশি। এর মাধ্যমে সিনেমাটি আগের সব রেকর্ড ভেঙে দিয়ে বায়োপিক ঘরানায় আয়ের শীর্ষে উঠে এসেছে।

এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া কুইন ব্যান্ডের লিড সিঙ্গার ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ ১২৪ মিলিয়ন ডলার আয় করে মিউজিক্যাল বায়োপিকের রেকর্ডটি নিজের দখলে রেখেছিল।

অন্যদিকে, ২০২৪ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ ১৮০ মিলিয়ন ডলার নিয়ে যেকোনো বায়োপিকের ক্ষেত্রে সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছিল। এবার ‘মাইকেল’ এই দুটি ব্লকবাস্টার সিনেমাকেই টপকে গেল।

সিনেমাটি নিয়ে সমালোচক এবং সাধারণ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচকদের মতে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক বিতর্কিত বিষয় এখানে এড়িয়ে গিয়ে ‘পরিচ্ছন্ন’ একটি চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে।

রিভিউ অ্যাগ্রিগেটর ‘রটেন টমেটোস’-এ সমালোচকদের রেটিং মাত্র ৩৮ শতাংশ হলেও দর্শকদের ভোটে এটি ৯৭ শতাংশ রেটিং পেয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছে। সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার আপন ভাইপো জাফর জ্যাকসন।

লায়ন্সগেটের চেয়ারম্যান অ্যাডাম ফগেলসন জানান, সব শ্রেণির দর্শক সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করছেন। সিনেমাটি মাইকেল জ্যাকসনের এস্টেটের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত এবং এতে শিল্পীর আসল কণ্ঠস্বরই গানগুলোতে ব্যবহার করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়