শনিবার, ২৩শে মে ২০২৬, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩


হজের সময় যেমন থাকবে মক্কার আবহাওয়া

ধর্ম ডেস্ক

প্রকাশিত:২৩ মে ২০২৬, ১৭:৪৫

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহ ও ধূলিঝড়ের সতর্কবার্তা দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। শনিবার সকাল থেকেই মক্কা ও মদিনাসহ বেশ কিছু এলাকায় আবহাওয়া প্রতিকূল হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মক্কায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৪০ শতাংশ। এছাড়া উন্মুক্ত স্থানগুলোতে ধূলিঝড় ও উত্তপ্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এনসিএম-এর পূর্বাভাস অনুযায়ী, নাজরান, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, উত্তর সীমান্ত এলাকা, আল-জউফ এবং তাবুক অঞ্চলে ধূলিমিশ্রিত ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে জাজান, আসির, আল-বাহা এবং মক্কার পার্বত্য এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী ২৫ মে থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। বর্তমানে মদিনা থেকে মক্কা এবং অন্যান্য পবিত্র স্থানে হজযাত্রীদের যাতায়াত বাড়ছে। এই যাতায়াতের পথে দিনের বেলা আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত থাকবে বলে সতর্ক করা হয়েছে। হজযাত্রী ও ভ্রমণকারীদের পানিশূন্যতা রোধে প্রচুর পরিমাণে তরল খাবার ও পানি পান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি দূরপাল্লায় গাড়ি চালানোর আগে প্রয়োজনীয় নিরাপত্তার নিয়ম মেনে চলারও অনুরোধ জানানো হয়েছে।

এ বছর হজের জন্য মক্কায় প্রায় ১৬ লাখ হজযাত্রী সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহত্তম এই ধর্মীয় জমায়েতকে ঘিরে হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি প্রশাসন।

উল্লেখ্য, হজের আনুষ্ঠানিকতা মক্কা ও এর আশপাশের এলাকাগুলোতে হলেও হজযাত্রীদের বড় একটি অংশ মদিনায় অবস্থান করেন বেশ কয়েকদিন। হজের আগে বা পরে ইসলামের দ্বিতীয় পবিত্রতম এই শহরে সময় কাটানোকে হজযাত্রীরা অত্যন্ত পুণ্যময় ও তাৎপর্যপূর্ণ মনে করেন। মূলত এই বিশাল সংখ্যক মানুষের কথা মাথায় রেখেই দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়