বুধবার, ২০শে মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল টাইগাররা। তাতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ব্যাট করছে নেমেছে পাকিস্তান। অষ্টম উইকেটে পঞ্চাশের বেশি রানের জুটি গড়েন রিজওয়ান ও সাজিদ। তখনই জয়ের স্বপ্নও দেখছিল সফরকারীরা। এবার সেই জুটি ভাঙলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।
৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ রান।
পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মিদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই এই জুটি ভাঙার সুযোগ এসেছিল। নাহিদ রানার করা বলে স্লিপে ক্যাচও তুলে দিয়েছিলেন রিজওয়ান। কিন্তু হাতের ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ।
এই সুযোগ মিস করার পর বাংলাদেশিদের ভোগাতে থাকেন রিজওয়ান ও সাজিদ খান। এই দুই ব্যাটারের কল্যাণে জয়ের স্বপ্নও দেখতে থাকে পাকিস্তানিরা। কিন্তু সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করার মাধ্যমে নিজের ফাইফার পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন সাজিদ।
দলের দুঃসময়ে লিটন দাসের সেঞ্চুরি এবং ম্যাচের শেষ ইনিংসে তাইজুল ইসলামের নেওয়া ছয় উইকেটের সুবাদে সিলেট টেস্ট নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৭৮ রানের জয়ের মাধ্যমে অনন্য কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্তরা। ঘরের মাটিতে টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই সঙ্গে পাক বাহিনীকে টানা দ্বিতীয়বার ধবলধোলাই করেছে টাইগাররা।
আর এ জয়ের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে হালনাগাদ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
টেবিলের বর্তমান হিসাব অনুযায়ী, ভারতের শতকরা জয়ের হার ৪৮.১৫ শতাংশ। এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে চারটি করে জিতেছে এবং হেরেছে তারা। আর ড্র করেছে একটি ম্যাচ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে।
এদিকে ২০২৫-২৭ মৌসুমে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে একটি ম্যাচে। আর ড্র করেছে একটিতে। তাতেই বাংলাদেশের জয়ের হার শতকরা ৫৮.৩৩।
টেবিলে সবার উপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে ছয়টিতেই জিতেছে তারা। হেরেছে একটি ম্যাচে। ফলে তাদের জয়ের হার ৮৭.৫০ শতাংশ। টেবিলের দুই নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। তিন ম্যাচ খেলে দুটি জয় ও একটি ড্র করেছে কিউইরা। এছাড়া তিন ও চার নম্বরে যথাক্রমে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
উল্লেখ্য, সিলেট টেস্টের শুরুতে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরি নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২৩২ রানে থামে পাকিস্তান। ফলে ৪৬ রানে লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান করলে টার্গেট দাঁড়ায় ৪৩৭ রানে। কিন্তু পাকিস্তান অলআউট হয়েছে ৩৫৮ রানেই।