সোমবার, ১৫ই জুন ২০২৬, ১লা আষাঢ় ১৪৩৩
ফাইল ছবি
ফিফা বিশ্বকাপে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে হার এড়িয়েছে জাপান। রোববার (১৪ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় এশিয়ান জায়ান্টরা। প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর চারটি গোলই হয়েছে পরের অর্ধে।
ম্যাচের ৩৪তম মিনিটে কর্নার থেকে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল মালেনের হেড কোনোমতে ঠেকিয়ে দেন জাপানের গোলকিপার জিওন সুজুকি।
বাকি সময়েও বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ফন ডাইক বাহিনী। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ ডাচ ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে গোল করেন ডাচ তারকা। ৫৭তম মিনিটে জাপানকে সমতায় ফেরান কেইতো নাকামুরা।
৬৪ মিনিটে সামারভিলের গোলে ডাচরা আবারও এগিয়ে গেলেও কামাদার গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি।