মঙ্গলবার, ২৩শে জুন ২০২৬, ৮ই আষাঢ় ১৪৩৩


অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:২২ জুন ২০২৬, ১৮:২০

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বকাপের উত্তাপ, অনুশীলনের ব্যস্ততা আর গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির মাঝেও নিজের জন্য একটু সময় বের করে নিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থ রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন হেয়ার স্টাইলিস্টের কাছে।

তবে মেসির নতুন লুকে বড় কোনো চমক নেই। বরং দীর্ঘদিন ধরে ভক্তদের পরিচিত যে পরিপাটি চেহারা, সেদিকেই যেন ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে কিছুটা বড় চুল নিয়ে এলেও এবার সেটি ছেঁটে আগের পরিচিত স্টাইলেই দেখা গেছে তাকে।

আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের হেয়ারস্টাইলিস্ট ড্যানি আলে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও ডি পলের নতুন লুকের ছবি প্রকাশ করেছেন। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে।

মেসির পাশে ছিলেন ডি পলও। তবে তার ক্ষেত্রেও দেখা যায় সংযত পরিবর্তন। ছোট করে ছাঁটা চুলের ক্লাসিক স্টাইলেই আস্থা রেখেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। কয়েক বছর আগে যে ডি পলকে রঙ করা চুল, বেণি কিংবা ভিন্নধর্মী স্টাইলে দেখা যেত, এখন সেই পরীক্ষামূলক রূপ থেকে অনেকটাই সরে এসেছেন তিনি।

দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা ডি পল ধরে রেখেছেন এই সাদামাটা লুক। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগেও সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন। ড্যানি আলের প্রকাশ করা ছবিতে দুজনকেই দেখা গেছে হাস্যোজ্জ্বল ও নির্ভার মেজাজে। মাঠের বাইরে স্বস্তির সেই মুহূর্ত যেন আর্জেন্টিনা শিবিরের আত্মবিশ্বাস ও ইতিবাচক পরিবেশেরই প্রতিচ্ছবি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে আর্জেন্টিনার। সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নতুনভাবে নিজেকে গুছিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছেন মেসি ও ডি পল। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচ।

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়