মঙ্গলবার, ২১শে এপ্রিল ২০২৬, ৮ই বৈশাখ ১৪৩৩
ফাইল ছবি
ওয়েব ব্রাউজার ক্রোমে এআই সহকারী ‘জেমিনি’ আরও ৭টি দেশে চালু করেছে গুগল। নতুন এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজারের মধ্যেই বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন। তবে কিছু উন্নত ফিচার এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এই ফিচার ডেস্কটপ ও আইওএস দুই প্ল্যাটফর্মেই চালু হচ্ছে। তবে জাপানে আপাতত আইওএস সংস্করণ ছাড়া অন্য প্ল্যাটফর্মে এটি পাওয়া যাবে।
গত বছর থেকেই গুগল ক্রোমে ধাপে ধাপে এআই যুক্ত করে আসছে। শুরুতে একটি ভাসমান উইন্ডোর মাধ্যমে জেমিনি ব্যবহারের সুযোগ দেওয়া হয়। পরে এতে আরও উন্নত ফিচার যুক্ত করা হয়।
চলতি বছরের শুরুতে ক্রোমে একটি সাইডবারভিত্তিক সহকারী যুক্ত করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক ট্যাবের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর পেতে পারেন। একই সঙ্গে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ নামের একটি সুবিধা রয়েছে। যা ব্যবহারকারীর অন্যান্য গুগল সেবার সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তিগতকৃত তথ্য দেয়।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইল, গুগল ফটোস, ক্যালেন্ডার ও ম্যাপসের তথ্য ব্যবহার করতে পারেন। যেমন- ইমেইল লেখা ও পাঠানো, মিটিং নির্ধারণ বা কোনো স্থানের তথ্য খোঁজার মতো কাজ সরাসরি ব্রাউজার থেকেই করা যায়।
এ ছাড়া ক্রোমের সাইডবারে ‘ন্যানো বানানা ২’ নামের একটি টুল ব্যবহার করে ওয়েবের ছবি সম্পাদনা বা রূপান্তর করার সুবিধাও যোগ করা হয়েছে।
এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই ফিচার চালু করা হয়। পরে মার্চে ভারত, কানাডা ও নিউজিল্যান্ডে এটি সম্প্রসারণ করা হয়। নতুন সাতটি দেশ যুক্ত হওয়ায় জেমিনির উপস্থিতি আরও বিস্তৃত হলো।
তবে সব ফিচার এখনো সবার জন্য উন্মুক্ত নয়। গুগল যে ‘এজেন্টিক’ ফিচার নিয়ে কাজ করছে। যার মাধ্যমে এআই ব্যবহারকারীর হয়ে ব্রাউজারে কাজ সম্পন্ন করতে পারে, তা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বর্তমানে এটি শুধু যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট পেইড প্ল্যানের ব্যবহারকারীদের জন্য সীমিত আকারে চালু আছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্রাউজারের মধ্যে সরাসরি এআই যুক্ত হওয়া ইন্টারনেট ব্যবহারের ধরন বদলে দিতে পারে। এতে আলাদা করে অ্যাপ বা সার্ভিসে না গিয়ে এক জায়গা থেকেই নানা কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তবে ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি সামনে রেখে গোপনীয়তা নিয়েও নতুন করে আলোচনা বাড়তে পারে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)