রবিবার, ১৭ই মে ২০২৬, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩


নরসিংদী সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সংকট

নরসিংদী থেকে

প্রকাশিত:১৭ মে ২০২৬, ২০:৩৮

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

নরসিংদী জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগী পরিবহনের জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সের সংকট দেখা দিয়েছে। জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৬টি এবং ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে মাত্র ২ টি অ্যাম্বুলেন্স থাকলেও একটি অ্যাম্বুলেন্স এর ড্রাইভার না থাকার কারণে একটি অ্যাম্বুলেন্স অচল রয়েছে।

নরসিংদীর জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নরসিংদী সদর, শিবপুর, মনোহরদী, বেলাব, রায়পুরা ও পলাশ— এই ৬টি উপজেলায় প্রতিটিতে ১টি করে অ্যাম্বুলেন্স রয়েছে। এর বিপরীতে প্রতিদিন শত শত রোগী জরুরি চিকিৎসা, রেফারেল ও দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। সীমিত সংখ্যক অ্যাম্বুলেন্স দিয়ে এই চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পেয়ে অনেক রোগীকে ভাড়ায় চালিত গাড়ি বা সিএনজিতে ঝুঁকি নিয়ে হাসপাতালে নিতে হচ্ছে। এতে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট উপজেলাগুলো থেকে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের প্রয়োজন এমন দাবি উঠেছে। বিশেষ করে নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার বুলবুল আহমেদ জানিয়েছেন নরসিংদী সদরে আরও ২টি, রায়পুরায় ২টি এবং মনোহরদীতে ১টি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, “দুর্ঘটনা, প্রসূতি ও হার্ট অ্যাটাকের রোগীকে দ্রুত হাসপাতালে আনা-নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স অপরিহার্য। কিন্তু চাহিদার তুলনায় আমাদের গাড়ি খুবই কম। ফলে অনেক সময় রোগীকে সময়মতো সেবা দেওয়া সম্ভব হয় না।”
জেলা সিভিল সার্জন কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নরসিংদীর মতো জনবহুল জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো জরুরি। অন্যথায় জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী দ্রুত এই সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়