শুক্রবার, ১৯শে জুন ২০২৬, ৪ঠা আষাঢ় ১৪৩৩


ফরিদপুরে দোকানের আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

ফরিদপুর থেকে

প্রকাশিত:১৮ জুন ২০২৬, ১৩:৪৯

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক নসিমনচালক নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার(১৮ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে।

আহতরা হলেন- ভেন্নাতলা গ্রামের বাসিন্দা আল-আমিন (২৭), আকিদুল ইসলাম (৩০), জাহাঙ্গীর হোসেন (৩৫), হোসাইন বিশ্বাস (১২) ও লাবু মোল্লা (৩৫)। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে বাজারের নুর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসেন। আগুনে ভস্মীভূত দোকানগুলোর মধ্যে রয়েছে নুর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকান, সাহেব আলীর চায়ের দোকান, হাবিব মোল্যার সার ও কীটনাশকের দোকান, বাবর আলীর সাইকেল মেরামতের দোকান এবং জাকির হোসেনের কাপড়ের দোকান।

আগুন দেখে বাবুল মোল্যাসহ স্থানীয়রা আগুন নেভাতে শুরু করেন। এ সময় একটি দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল মোল্যা ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী ও চার কন্যাসন্তান চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

ঘটনার সত্যতা নিশ্চিত বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েল আহমেদ জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় হতাহতের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন জানান, তার কাপড়ের দোকানের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। হাবিব মোল্যার সার ও কীটনাশকের দোকানে প্রায় আট লাখ এবং বাবর আলীর দোকানে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়