বৃহস্পতিবার, ১৮ই জুন ২০২৬, ৪ঠা আষাঢ় ১৪৩৩


এআই নিয়ে চিন্তিত নন টম হল্যান্ড, দিলেন ব্যাখ্যা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৮ জুন ২০২৬, ১৯:০২

ফাইল ছবি

ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে ক্রমশ চিন্তার ভাঁজ পড়ছে নানা ক্ষেত্রের মানুষের কপালে। চলচ্চিত্র জগতেও এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অনেক দিন ধরে। কেউ কেউ এআইকে ঝুঁকিপূর্ণ মনে করলেও অনেকে আবার এটিকে ‘হুমকিস্বরূপ’ দেখছেন না।

এবার এআই প্রসঙ্গে নিজের অভিমত জানালেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান’ তারকার মতে, ‘এআইয়ের কোনো আত্মা নেই’। তাই তিনি এটি নিয়ে খুব একটা চিন্তিত নন।

স্পেনের জনপ্রিয় টক শো ‘এল হরমিগুয়েরো’তে স্ত্রী-অভিনেত্রী জেন্ডায়ার সঙ্গে অংশ নিয়ে টম বলেন, ‘সৃজনশীলতা এআইয়ের কাছ থেকে নিরাপদ, কারণ সৃজনশীলতার মূল ভিত্তি হলো মানুষের অভিজ্ঞতা। এটি আবেগ, অনুভূতি এবং একে অপরকে বোঝার সঙ্গে জড়িত।’

টম আরো বলেন, ‘এআই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারে, কিন্তু মানুষের আবেগ বুঝতে পারে না। সুখ আর দুঃখের পার্থক্যও সে উপলব্ধি করতে পারে না। একজন শিল্পী যখন ছবি আঁকেন, তখন তিনি কোনো কিছু অনুকরণ করেন না; বরং নিজের অনুভূতি ও চিন্তার প্রকাশ ঘটান। তাই আমি মনে করি, সৃজনশীলতার জায়গাটি এখনো সুরক্ষিত।’

টম হল্যান্ড এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন দুটি ছবির প্রচারণায়। এর মধ্যে ২৪ জুলাই মুক্তি পাবে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা। এর এক সপ্তাহ পর মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দুটি ছবিতেই তার সঙ্গে অভিনয় করেছেন জেন্ডায়া।

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়