বৃহস্পতিবার, ৪ঠা জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩


ইসলামী ব্যাংকের ১ ঘণ্টা কলম বিরতি, এমডি বললেন স্বাভাবিক

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:৪ জুন ২০২৬, ১৫:৩৬

ছবি ‍: মামুন রশীদ

ছবি ‍: মামুন রশীদ

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সচেতন গ্রাহক ফোরাম এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানিয়েছেন। সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ১ ঘণ্টা কলম বিরতি পালন করছেন।

তবে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আমাদের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা নেই। কেউ সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গতকাল বুধবার সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের আজ এক ঘন্টা কলম বিরতি পালন করার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংকের অনেক শাখার কর্মকর্তারা কলম বিরতি পালন করছেন। যদিও এ বিষয়ে সরাসরি কেউ বক্তব্য দিতে রাজি হননি গণমাধ্যমকে। কিন্তু শাখায় গিয়ে সেবা না দিতে দেখা গেছে।

আলতাফ হোসাইন বলেন, গ্রাহক সেবা না নিতে আসলে আমাদের পক্ষে তো তা দেওয়া সম্ভব না। আমাদের অফিসাররা সেবা দিতে প্রস্তুত। এখন কোন শাখায় কি হচ্ছে সেটা তো এখানে বসে জানা সম্ভব না।

আন্দোলনকে কেন্দ্র করে যদি গ্রাহক সব টাকা তুলে নিয়ে যায় তখন ব্যাংকের কী হবে এমন প্রশ্নে এমডি বলেন, একটা ব্যাংক থেকে যদি গ্রাহক একদিনে সব টাকা তুলে নিয়ে যায় তাহলে ব্যাংক তো বন্ধ হয়ে যাবে। এটা কখনোই হয় না।

তিনি বলেন, আন্দোলনসহ নানা কারণে টাকা তোলার চাপ আছে। তবে সেটা এখনো সহনীয় পর্যায় রয়েছে। যদিও সেটা অন্যান্য সময়ের তুলনায় বেশি। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। হলে সেটা সবাই জানতে পারতো।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়