মঙ্গলবার, ১৯শে মে ২০২৬, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
‘থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সি আর সি) এর উদ্যোগে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে এটি আয়োজন করা হয়। ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দিন এর আর্থিক সহযোগিতায় শিশুদের মধ্যে সেমাই, লাচ্ছি, চিনি সহ ঈদের বিভিন্ন খাবার সামগ্রী উপহার দেয়া হয়।
সিআরসি’র সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অতিথি হিসেবে তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম, সিআরসির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, বর্তমান সাংগাঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে মো. নাজমুল হাসান বলেন, সিআরসি প্রতিষ্ঠালগ্ন থেকে শিশুদের নিয়ে মানবিক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ঈদ আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে শিশুদের জন্য ঈদ উপহার বিতরণ করছি। আমরা চাই প্রতিটি শিশু যেন আনন্দে থাকে। আমরা যতটুকু পেরেছি ততটুকু শিশুদের জন্য উপহার এনেছি। আশা করছি পরবর্তীতে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘থেকে একসঙ্গে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই উপজীব্যকে সামনে রেখে সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংগঠনটি ক্যাম্পাস ও আশপাশের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা চলেছে।