বৃহস্পতিবার, ২৫শে জুন ২০২৬, ১১ই আষাঢ় ১৪৩৩
ব্যবহৃত টি-শার্টে জেন্ডায়া
হলিউডের এই সময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। বড় বড় সব ছবি তার হাতে। সেই জেন্ডায়ার পরনে কিনা মাত্র ৩৫ ডলার দামের টি-শার্ট, সেটাও আবার ব্যবহৃত!
হ্যাঁ, সত্যিই তাই। বুধবার প্যারিসে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র প্রচারণায় একটি কালো রঙের টি-শার্টে হাজির হন অভিনেত্রী। যেটার সামনে ‘স্পাইডার-ম্যান’-এর ছবি আঁকা। লম্বা ওই টি-শার্টের সঙ্গে জেন্ডায়া পরেছিলেন সাদা রঙের ক্রিশ্চিয়ান লুবুতা হিল। ব্যতিক্রম লুকে নজর কেড়েছেন অভিনেত্রী। যেহেতু পোশাকে জাঁকজমক ছিল না, তাই ওই টি-শার্ট নিয়েই সবার কৌতূহল হচ্ছিল।
কিন্তু জেন্ডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ জানিয়েছেন, টি-শার্টটি মাত্র ৩৪ দশমিক ৯৯ ডলারে ‘ইবে’ থেকে কিনেছিলেন। ইনস্টাগ্রামে রোচ লেখেন, ‘স্টাইলের জন্য সবসময় বিপুল অর্থ খরচ করতে হয় না।’
রোচ এ-ও জানান, এই টি-শার্ট মূলত পুরনো, ব্যবহৃত। যিনি বিক্রি করেছেন, তিনি হয়তো ভাবতেও পারেননি পোশাকটি একদিন কোনো তারকার গায়ে উঠবে!
অনেক বছর ধরে জেন্ডায়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করছেন রোচ। একসঙ্গে তারা অনেক আলোচিত রেড কার্পেট ফ্যাশন মুহূর্ত উপহার দিয়েছেন। ২০১৯ সালের মেট গালায় টমি হিলফিগারের ডিজাইন করা সেই গাউন, যেটা জেন্ডায়াকে রূপকথার সিন্ডারেলায় রূপান্তরিত করেছিল; সেটাও এই রোচেরই সিদ্ধান্ত।
প্রসঙ্গত, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’তে নাম ভূমিকায় আছেন টম হল্যান্ড। আলোচিত ছবিটি মুক্তি পাবে ৩০ জুলাই।