বুধবার, ৮ই এপ্রিল ২০২৬, ২৫শে চৈত্র ১৪৩২
ফাইল ছবি
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর নতুন করে আবারও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে তারা গভীরভাবে কাজ করবেন।
কিন্তু দেশটিকে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। এছাড়া গত বছরের জুনে পারমাণবিক স্থাপনায় হামলার পর যেসব ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে সেগুলোও ইরানের সঙ্গে কাজ করে অপসারণ হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট এমন কথা বললেও, ইরান জানিয়েছে, তাদের ১০ দফার শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এতে বলা আছে, তাদের ইউরেনিয়াম মজুদকরণে কোনো পক্ষ হস্তক্ষেপ করবে না। কিন্তু ট্রাম্প এখন দিলেন ভিন্ন বার্তা।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট এ ব্যাপারে লিখেছেন, “যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ইরানে সরকারের পরিবর্তন হয়েছে। এখন থেকে দেশটিতে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একইসঙ্গে মাটি খুঁড়ে মাটির অত্যন্ত গভীরে চাপা পড়া ‘পরমাণু ময়লা’ অপসারণ করবে।”
“(গত বছরের জুনে হামলার পর) ইরানের পারমাণবিক অবকাঠামোকে কঠোর স্যাটেলাইট নজরদারিতে রাখা হয়েছে। ওই হামলার পর সেখানে কোনো কিছুই এখনো স্পর্শ করেনি ইরান।”
“আমরা ইরানের সঙ্গে বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করছি এবং করব। ১৫ দফার যে প্রস্তাব সেগুলোর বেশিরভাগ নিয়ে আমরা একমত হয়েছি।”
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)