বুধবার, ২০শে মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রবল বর্ষণ এবং তার প্রভাবে বন্যা, ভূমিধস, দেওয়ালধস ও অন্যান্য বিপর্যয়ে এ পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২০ জন। চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
গ্রীষ্মকালে প্রবল/ ভারী বর্ষণ এবং একটানা তাপপ্রবাহের মতো দুর্যোগ চীনে বিরল নয়। সম্প্রতি প্রায় প্রতিবছরই গ্রীষ্মকালে এ দুই দুর্যোগ সহ্য করছেন চীনের লোকজন।
তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিজিটিএনের মতে, চলতি ২০২৬ সালের গ্রীষ্মের শুরু থেকে এ পর্যন্ত চীনের বহু এলাকায় রেকর্ডভাঙা বর্ষণ হয়েছে।
সিজিটিএনের প্রতিবেদনের তথ্য অনুসারে, প্রবল বর্ষণের জেরে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংজির একটি নদীতে একটি যাত্রীবাহী ট্রাক উল্টে পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঘটেছে এ এঘটনা।
গুয়াংজির পার্শ্ববর্তী প্রদেশ গুইঝৌয়ে প্রবল বর্ষণ ও বন্যার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন ৫ জন।
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রবল বর্ষণ, বন্যা এবং বাড়িঘরের দেওয়াল-ছাদ ধসে তিন জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন ৪ জন।
প্রত্যেক নিহত ও নিখোঁজের পরিবারকে ১ কোটি ২০ লাখ ইউয়ান (১৭ লাখ ৬০ হাজার ডলার) করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে চীনের সরকার।