শনিবার, ৩০শে মে ২০২৬, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিনে ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশন বলেছে, সে সময় বেতারে তার বিখ্যাত ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল।
শনিবার (৩০ মে) শহীদ জিয়ার স্মরণে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে এসব কথা বলেছে।
এতে উল্লেখ করা হয়, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি– যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আজও, তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাঁথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।