শুক্রবার, ৫ই জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩


প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৪ জুন ২০২৬, ২২:৪৮

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা ও গবেষণার পরিধি বাড়াতে মুনাফাভিত্তিক বা অমুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠনের বিধান রেখে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উৎসাহিত করতে একটি প্রণোদনা স্কিম নীতিমালারও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার নবম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

নতুন এই সংশোধনী অনুযায়ী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, শিক্ষা ও গবেষণার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় থেকে মুনাফাভিত্তিক বা অ- মুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠন এবং কোম্পানি বা সংগঠনের শেয়ার অর্জন ও ধরনের বিধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর সংশোধন করা প্রয়োজন। এজন্য এই আইনের খসড়া অনুমোদন করা হয়েছে।

বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সকল বাংলাদেশি নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে।

এদিকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ ফোরামে বাংলাদেশের এই অর্জনকে দেশের কূটনৈতিক মহলের একটি বড় সাফল্য হিসেবে দেখছে সরকার। আজ বৈঠকের ‘বিবিধ’ এজেন্ডায় আনুষ্ঠানিকভাবে এই অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়