শনিবার, ৪ঠা জুলাই ২০২৬, ২০শে আষাঢ় ১৪৩৩


ঠিকাদার ব্যর্থ হলে ময়লা সংগ্রহ পদ্ধতি বদলাবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৪ জুলাই ২০২৬, ১২:৫৩

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

নিয়মমাফিক কাজ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ময়লা সংগ্রহের বর্তমান পদ্ধতি বাতিল করে ভিন্ন পদ্ধতি অবলম্বনের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শনিবার (৪ জুলাই) রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত এক পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য যেসব টেন্ডার দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে অভিযোগ আসছে। তারা নিয়মিত ময়লা সংগ্রহ করছে না। তাছাড়া অতিরিক্ত অর্থও দাবি করছে।

তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, তারা যদি নিয়মমাফিক কাজ না করে এবং জোরজবরদস্তি করে, তাহলে ভবিষ্যতে এই পদ্ধতিতে আর কোনো টেন্ডার দেওয়া হবে না। তাদের টেন্ডার বাতিল করে ভিন্ন মাধ্যমে ময়লা সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, এখনো সময় আছে—তারা যদি নিজেদের সংশোধন করে এবং জনগণ যদি তাদের কাজে সন্তুষ্ট থাকে, তাহলে এই ব্যবস্থা অব্যাহত থাকবে। অন্যথায় টেন্ডার বাতিল করতে বাধ্য হবো।

নগরবাসীর উদ্দেশে আবদুস সালাম বলেন, বায়ুদূষণে যদি কোনো শহর বিশ্বের প্রথম ১০টির মধ্যে থাকে, তবে তা আমাদের সবার জন্য লজ্জার। তাই নগর পরিষ্কার রাখার দায়িত্ব নগরবাসী ও সিটি করপোরেশন—উভয়েরই।

তিনি বলেন, শহর পরিষ্কার রাখতে জনসচেতনতা গড়ে তুলতে হবে। গত কয়েক মাসে জনসচেতনতা তৈরিতে আমরা অনেকটা সফল হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আমরা নগরকে বায়ুদূষণের হাত থেকে রক্ষা করতে পারব বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের গাছও লাগাতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার বিষয়ে উৎসাহিত করেছেন। তাই নগরবাসীকে আহ্বান জানাই, আপনারা নিজের ঘর ও আঙিনা পরিষ্কার রাখুন এবং বাড়ির সামনের রাস্তাও পরিষ্কার রাখুন।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, মার্কেটগুলো পরিষ্কার রাখতে হবে। কোনো অবস্থাতেই যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নোংরা করা যাবে না।

তিনি বলেন, মার্কেটে নির্দিষ্ট বিন রাখা হবে। সেখান থেকেই আমাদের কর্মীরা ময়লা সংগ্রহ করবেন। নির্ধারিত সময়েই ময়লা ফেলতে হবে, অন্য সময় নয়।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে শান্তিনগর বাজার থেকে একটি র‌্যালি বের হয়, যা ভিআইপি রোডে গিয়ে শেষ হয়।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়