মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬, ২৪শে চৈত্র ১৪৩২


হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৭

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, ‘২০২৬ সালের হজ আসন্ন। এ বছর হজের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে। হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে।’

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাহী কমিটির সাথে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম যথাসম্ভব দ্রুত সম্পন্ন করতে হবে। হজযাত্রা সহজ ও মসৃণ করার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। হজযাত্রীরা যেন কষ্ট না পান, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি গত হজ মৌসুমের সাফল্যের কথাও স্মরণ করে বলেন, ‘গত হজ মৌসুমে হজ ব্যবস্থাপনাকে যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন, এবছরও সেভাবেই সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সবাইকে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান তিনি।’

মতবিনিময় সভায় হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিষয়ে কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে বেশকিছু দাবিদাওয়াও উপস্থাপন করেন তিনি।

ধর্মমন্ত্রী হাবের সুপারিশ ও দাবিদাওয়াগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সে বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে বিধিবহির্ভূত কোনো কাজ না করতে আহ্বান জানান তিনি।

এ সময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়