শনিবার, ১৬ই মে ২০২৬, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
মাহমুদুল হাসান জয় মিরপুর টেস্টের কোনো ইনিংসেই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। সবমিলিয়ে করেন স্রেফ ১৩ রান। পাকিস্তানের বিপক্ষে সিলেটে আজ (শনিবার) থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও ফিরলেন ডাক নিয়ে।
দিনের দ্বিতীয় বলেই জয় ক্যাচ দিয়েছেন স্লিপে। আরেকপ্রান্তে টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম দ্রুতগতিতে রান তুলছিলেন। কিন্তু বিলাসী শট খেলার চেষ্টায় ক্যাচ তুলে দিয়ে আত্মাহুতি দিয়েছেন তিনিও।
বেশ সাবলীল ছিলেন মিরপুর টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা অভিজ্ঞ বাংলাদেশি তারকা মুমিনুল হক। কিন্তু হালকা ভেতরে ঢোকা বলের লাইন মিস করে হারিয়েছেন স্টাম্প। খুররম শেহজাদের বলে তিনি ফিরলেন ২২ রান করে।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনে। তানজিদ তামিমের অভিষেকের তথ্য আগেই জানা গিয়েছিল। মিরপুর টেস্টের পরই সাদমান ইসলামকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এ ছাড়া এবাদত হোসেনের পরিবর্তে শরিফুল ইসলামকে নিয়ে একাদশ সাজায় নাজমুল হোসেন শান্ত’র দল। ব্যাটিংয়ে নেমে মুহাম্মদ আব্বাসের করা প্রথম বল মিস করেন জয়। সেটি তার পায়ে আঘাতের পর এলবিডব্লিউ’র আবেদনও ওঠে। কিন্তু এই দফায় বেঁচে যান জয়।
দ্বিতীয় বলে তিনি স্লিপে ক্যাচ দেন রানের খাতা খোলার আগেই। শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা চালান মুমিনুল-তানজিদ মিলে। অভিষিক্ত ওপেনারের বিদায়ে ৪৪ রানের জুটি ভাঙে। তানজিদ মিড অনে তুলে মারতে গিয়ে টাইমিং হয়নি, বোলার আব্বাস গিয়েই সহজ ক্যাচ তালুবন্দী করলেন। ৩৪ বলে ২৬ রানে থামে তামিমের অভিষেক ইনিংস। এরপর মুমিনুল-শান্ত’র জুটিও বেশিক্ষণ টিকল না (১৯)। খুররমের দারুণ এক ডেলিভারি মুমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্পের বেল উড়িয়ে দিয়েছে।