রবিবার, ৭ই জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
কোনও শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত কিংবা কোনও নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি সম্পন্ন হওয়ার পরই কেবল তিনি এসব পদক্ষেপের কথা বিবেচনা করবেন। তিনি বলেন, ‘‘হ্যাঁ। তারা যদি ভালো আচরণ করে, তারা যদি সঠিক কাজ করে, তাহলে আমরা আলোচনা শুরু করব।’’
তেহরানের সঙ্গে কোনও স্বল্পমেয়াদী চুক্তির ক্ষেত্রে লেবাননকে এর অংশ হতে হবে—এমন কোনও শর্ত তিনি দিচ্ছেন না বলেও জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি তারা এটি দেখতে পছন্দ করবে, তবে আমি কোনও জোরাজুরি বা দাবি করছি না।’’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলা শুরু করে। ট্রাম্প প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি, অন্যথায় আমি তাদের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাব।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে কথা বলতে ইচ্ছুক। সংঘাতের শুরুতে মার্কিন হামলায় আহত হওয়ার পর থেকে মোজতবাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
ট্রাম্প বলেন, তিনি কোথায় আছেন তা আমি জানি কি না, সে বিষয়ে কিছু বলতে চাই না। তবে আমি তা জানি। আর তার অবস্থান আমার জানার জোরালো সম্ভাবনা রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতো ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অবশ্য জোর দিয়ে বলছেন, ইরানে সাম্প্রতিক মার্কিন হামলা সত্ত্বেও একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি বজায় রয়েছে। গত সপ্তাহে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে তারা বলেন, ইরানে মার্কিন হামলা ছিল কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ।
সূত্র: রয়টার্স।